কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাসের হেল্পারকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নেওয়া হয়। পরে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় বাসের হেল্পার শেখ রাতুল (২৩)কে আটক করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইয়াবার চালানটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার করা ইয়াবা ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় বাসটির চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স